পরনারীর সঙ্গে আমার কোনো ‘হারাম সম্পর্ক’ নেই: আবু ত্বহা আদনান।
ইসলামী বক্তা আবু ত্বহা মোহাম্মদ আদনান তার স্ত্রী সাবিকুন্নাহারের আনা অভিযোগ অস্বীকার করেছেন। এক ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, কোনো পরনারীর সঙ্গে তার কোনো ধরনের অবৈধ বা হারাম সম্পর্ক নেই।
সোমবার প্রকাশিত ওই পোস্টে ত্বহা লেখেন, ‘কাবার রবের শপথ! আমি যিনাকার নই! মুহাম্মাদের রবের কসম! আমি ব্যভিচারী নই! যার হাতে আমার প্রাণ, তার কসম— তারা আমাকে যত অপবাদ দিয়েছে, সবই মিথ্যা! কোনো পরনারীর সঙ্গে আমার কোনো হারাম সম্পর্ক নেই।’
পোস্টের শুরুতে তিনি লেখেন, স্বামী-স্ত্রীর সম্পর্ক হচ্ছে পরস্পরের জন্য ভালোবাসা ও সততার পবিত্র পোশাক— যা ক্ষতবিক্ষত হলেও সতর ঢেকে রাখে। ‘আমি সবসময় সেই দায়িত্বই পালন করেছি, আজও করছি,’ বলেন ত্বহা।
স্ত্রীর অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘আমার দ্বিন আমাকে শিখিয়েছে— অপবাদে নয়, সবরে থাকতে। আমি চাই, যেভাবে আল্লাহ নিজে জবাব দেন, সেভাবেই আল্লাহর কাছে বিচার হোক। ক্ষমা করা বা শাস্তি দেওয়ার অধিকার একমাত্র আল্লাহর।’
ত্বহা আরও লেখেন, ‘আমাকে গুছিয়ে একের পর এক মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। কিন্তু আল্লাহর কসম, আমি ব্যভিচারী নই। কেউ প্রমাণ ছাড়াই যিনা বা ব্যভিচারের অভিযোগ তুললে তার জন্য ৮০ বেত্রাঘাতের শাস্তি নির্ধারিত— এটা ভুলে যেও না।’
স্ত্রীর প্রতি প্রশ্ন রেখে তিনি বলেন, ‘যদি আমার এত দোষ হয়, তবে সে কেন এমন সম্পর্ক ধরে রাখল? কেন নিজে থেকেই উত্তম বিচ্ছেদে (সারহান জামিলায়) যায়নি? অতীত টেনে এনে সম্পর্ক, সম্মান ও দ্বিন— সবকিছুকে ক্ষতিগ্রস্ত করল কেন?’
সমাধানের পথে হাঁটার ইঙ্গিত দিয়ে ত্বহা বলেন, বিষয়টি শরিয়াভিত্তিকভাবে বরেণ্য ওলামায়ে কেরামের উপস্থিতিতে আইনি প্রক্রিয়ায় নিষ্পত্তি করা হবে।
শেষে তিনি লিখেন, ‘আমি নবী ইউসুফ নই, কিংবা মা আয়েশাও নই। তবে তারা যেমন মিথ্যা অপবাদে অভিযুক্ত হয়েছিলেন, আমিও তেমন অপবাদে জর্জরিত। আমার পরিবারের, বিশেষ করে আমার সন্তানদের যেন কেউ কষ্ট না দেয়— এই দোয়া চাই।’
আবু ত্বহা আরও বলেন, ‘হয়তো এই বিচ্ছেদই আল্লাহর তাকদিরে ছিল। হয়তো কিছু দূরত্বেই শান্তি থাকে। আল্লাহ যেন জালেম ও মজলুমের মাঝে উত্তম ফয়সালা করে দেন। আমিন।’

মতামত দিন