জাতীয়
ছবি: সংগৃহীত

রাজনৈতিক দলগুলোর কাছে আজ জুলাই সনদের চূড়ান্ত অনুলিপি পাঠাবে ঐকমত্য কমিশন।

নিজেস্ব প্রতিবেদক:

জাতীয় ঐকমত্য কমিশন আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) দেশের রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদের চূড়ান্ত খসড়া হস্তান্তর করতে যাচ্ছে। তবে এতে প্রস্তাবিত সংস্কারগুলোর বাস্তবায়ন-সংক্রান্ত দিকগুলো এখনই অন্তর্ভুক্ত করা হয়নি।
কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এসব সুপারিশ পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকারের কাছে তুলে ধরা হবে, তবে তা জুলাই সনদের অংশ হিসেবে বিবেচিত হবে না।

কমিশন সূত্রে জানা গেছে, অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর রাষ্ট্র পরিচালনার বিভিন্ন খাতে কাঠামোগত সংস্কার শুরু করবে। সেই উদ্দেশ্যে আগে থেকেই সংবিধান, নির্বাচনব্যবস্থা, জনপ্রশাসন, দুর্নীতি দমন, পুলিশ ও বিচার বিভাগ—এই ছয়টি খাতে পৃথক সংস্কার কমিশন গঠন করা হয়। তাদের প্রস্তাবের ভিত্তিতেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনায় বসে ঐকমত্য কমিশন।

দুই দফায় অনুষ্ঠিত সংলাপে প্রথমে ৩৩টি এবং পরে আরও ৩০টি রাজনৈতিক দলের মতামত নেওয়া হয়। আলোচনায় উত্থাপিত মতামত, সুপারিশ ও ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদের চূড়ান্ত খসড়া তৈরি করা হয়েছে।

ফেব্রুয়ারি থেকে জুলাইয়ের মধ্যে অনুষ্ঠিত দুই দফা বৈঠকে মোট ৮৪টি প্রস্তাবে সর্বসম্মতি অর্জিত হয়, যা সনদের মূল কাঠামো গঠনে ব্যবহৃত হয়েছে।

আগামী শুক্রবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সনদ স্বাক্ষর অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি চলছে। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় অনুষ্ঠানে প্রায় তিন হাজার অতিথিকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে।

সনদে স্বাক্ষর করবে ৩০টি রাজনৈতিক দল ও জোট। কমিশনের অনুরোধে প্রতিটি দল দুইজন করে স্বাক্ষরকারীর নাম পাঠিয়েছে। তবে শেষ পর্যন্ত সবাই অংশ নেবে কি না, তা এখনও স্পষ্ট নয়।

মতামত দিন