দীর্ঘ ৩যুগ পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসু নির্বাচন বুধবার।
দীর্ঘ ৩ যুগ পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন। আগামী বুধবার (১৫ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসজুড়ে নির্বাচনী উত্তাপ ছড়িয়ে পড়েছে। বিভিন্ন হল ও একাডেমিক ভবনে চলছে প্রচারণা, ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। শিক্ষার্থীরাও সুষ্ঠু পরিবেশে ভোট দিয়ে যোগ্য প্রতিনিধিকে নির্বাচিত করার অপেক্ষায়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সপ্তম চাকসু নির্বাচনে ভোটার সংখ্যা ২৭ হাজার ৫১৬। কেন্দ্রীয় সংসদে মোট ২৬টি পদে প্রার্থী হচ্ছেন ৪১৫ জন, যাদের মধ্যে রয়েছে ১৩টি প্যানেল ও স্বতন্ত্র প্রার্থী। এছাড়া ১৫টি হল ও হোস্টেল সংসদে প্রতিটিতে ১৪টি করে পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রার্থীরা, সব মিলিয়ে প্রার্থী সংখ্যা ৯০৮।
ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদ ভবনের ১৫টি কেন্দ্রে, যেখানে মোট ৬০টি কক্ষকে ভোটকেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে। প্রশাসন জানিয়েছে, নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
মতামত দিন