১৬ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।
২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা করা হয়েছে। আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, আগামী ১৬ অক্টোবর সকাল ১০টায় একযোগে দেশের সব শিক্ষা বোর্ড থেকে ফলাফল প্রকাশ করা হবে।
সোমবার (১৩ অক্টোবর) কমিটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, একই দিনে ঢাকা শিক্ষা বোর্ডের কার্যালয়ে সংবাদমাধ্যমের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। সভাটি অনুষ্ঠিত হবে বোর্ডের ৩ নম্বর ভবনের ৬ নম্বর তলায়। এতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, মাদরাসা ও কারিগরি—এই ১১টি বোর্ডের অধীনে এবার একযোগে ফল প্রকাশ করা হবে।
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার লিখিত অংশ শেষ হয় ১৯ আগস্ট, আর ২১ থেকে ৩১ আগস্ট পর্যন্ত চলে ব্যবহারিক পরীক্ষা। এবার মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে—এর মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন ছাত্রী।
পাবলিক পরীক্ষা সংক্রান্ত আইনের বিধান অনুযায়ী, লিখিত পরীক্ষা শেষে ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে, যা অনুসারে এ বছর নির্ধারিত সময়ের মধ্যেই ফল প্রকাশ করা হচ্ছে।
মতামত দিন