শরীয়তপুরের নড়িয়ায় কীর্তিনাশা নদীতে যাত্রীবাহী ট্রলারডুবি।
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় যাত্রীবাহী একটি ট্রলার ডুবে গেলেও সবাইকে জীবিত উদ্ধার করা হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) সকাল ১০টার দিকে কীর্তিনাশা নদীর ভাষাসৈনিক গোলাম মাওলা সেতুর নিচে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পশ্চিম পাড় থেকে একটি ছোট ট্রলার অতিরিক্ত যাত্রী নিয়ে নদী পার হচ্ছিল। এ সময় পাশ দিয়ে একটি বাল্কহেড যাওয়ার ফলে তৈরি হওয়া ঢেউ ও স্রোতে ট্রলারটি দুলে উল্টে যায়। এতে প্রায় ২০ থেকে ২৫ জন যাত্রী নদীতে পড়ে যান। দ্রুত আশপাশের নৌযান ও স্পিডবোটের সহায়তায় স্থানীয়রা সবাইকে উদ্ধার করেন।
নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল কাইউম খান বলেন, “নদীতে প্রবল স্রোতের কারণে ট্রলারটি ডুবে যায়। তবে স্থানীয়দের তৎপরতায় সবাইকে উদ্ধার করা সম্ভব হয়েছে, কোনো হতাহতের খবর নেই।”
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কীর্তিনাশা নদীর ওপর ভাষাসৈনিক গোলাম মাওলা সেতুর নির্মাণকাজ প্রায় আট বছর ধরে চলছে। ২০২৪ সালের শুরুর দিকে পুরনো সেতুটি অপসারণের পর থেকে এ রুটে যাত্রী পারাপারের একমাত্র মাধ্যম হয়ে ওঠে ট্রলার।
গত বছরের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ বন্ধ করে চলে গেলে প্রকল্পটি অনিশ্চয়তায় পড়ে। পরবর্তীতে চুক্তি বাতিল হওয়ায় সেতুর নির্মাণ কার্যক্রমও স্থগিত রয়েছে।

মতামত দিন