টাঙ্গাইলকে ঢাকা বিভাগেই রাখার দাবিতে টাঙ্গাইলে মহাসড়ক অবরোধ।
টাঙ্গাইলকে ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত রাখার দাবিতে যমুনা গোলচত্বর এলাকায় বিক্ষোভ করেছেন স্থানীয়রা। সোমবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে শুরু হওয়া এ কর্মসূচি প্রায় এক ঘণ্টা চলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শতাধিক মানুষ যমুনা গোলচত্বরে জড়ো হয়ে স্লোগান দেন এবং টাঙ্গাইলকে ঢাকা বিভাগে রাখার দাবি জানান। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে, সৃষ্টি হয় দীর্ঘ যানজট।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করে। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা।
ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান জানান, বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
সম্প্রতি জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাবিত মানচিত্রে টাঙ্গাইলকে ঢাকা বিভাগ থেকে বাদ দেওয়ার তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলার বিভিন্ন স্থানে প্রতিবাদ শুরু হয়।

মতামত দিন