সোমবার প্রকাশ হচ্ছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের কামিল (মাস্টার্স) পরীক্ষা ফলাফল।
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাদরাসাগুলোর ২০২৩ শিক্ষাবর্ষের এক বছর মেয়াদি কামিল (মাস্টার্স) পরীক্ষার ফল সোমবার (১৩ অক্টোবর) প্রকাশিত হবে। সকাল সোয়া ৯টায় উপাচার্য অধ্যাপক ড. মো. শামছুল আলম আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করবেন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর।
দুপুর ২টার পর থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://iau.edu.bd/notice/) প্রবেশ করে ফলাফল দেখতে পারবেন।
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী বলেন, “সেশনজট নিরসনের জন্য উপাচার্যের নির্দেশে আমরা বিরামহীনভাবে কাজ করেছি। এমনকি ছুটির দিনেও পরীক্ষা-সংক্রান্ত কাজ চলেছে, ফলে মাত্র ২০ দিনের মধ্যেই ফল প্রকাশ সম্ভব হয়েছে।”
চলতি বছর সারাদেশের ৪৯টি কেন্দ্রে ছয়টি বিষয়ে এক বছর মেয়াদি এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিষয়গুলো হলো—আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল ফিকাহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আরবি ভাষা ও সাহিত্য, এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি।
লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ১৪ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত, আর মৌখিক পরীক্ষা শেষ হয় ২৪ সেপ্টেম্বর।
মতামত দিন