ওয়ার্ল্ড ফুড ফোরামে যোগ দিতে রোমের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা।
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত ওয়ার্ল্ড ফুড ফোরামের প্রধান আয়োজনে যোগ দিতে ইতালির রাজধানী রোমে গেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
রোববার (১২ অক্টোবর) বেলা ১১টা ৩০ মিনিটে তিনি ও তার সফরসঙ্গীরা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।
সূত্র জানায়, রোমে ফোরামের মূল অধিবেশনে আমন্ত্রিত বক্তা হিসেবে বক্তব্য রাখবেন অধ্যাপক ইউনূস। সফরকালে তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। আলোচনায় খাদ্য নিরাপত্তা, টেকসই উন্নয়ন ও দারিদ্র্য মোকাবিলার বৈশ্বিক কৌশল নিয়ে মতবিনিময় হবে বলে জানা গেছে।
এফএওর উদ্যোগে আয়োজিত এই ওয়ার্ল্ড ফুড ফোরাম বিশ্বজুড়ে নীতিনির্ধারক, গবেষক ও উদ্যোক্তাদের একত্র করে খাদ্যব্যবস্থার ভবিষ্যৎ ও টেকসইতা নিয়ে আলোচনা করে। চলতি বছর ১০ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত রোমে এফএওর সদর দপ্তরে অনুষ্ঠিত হচ্ছে এই আয়োজন।
কূটনৈতিক মহল মনে করছে, প্রধান উপদেষ্টার এই সফর আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের উপস্থিতি ও ভূমিকা আরও জোরদার করবে।
অধ্যাপক ইউনূসের দেশে ফেরার কথা রয়েছে ১৫ অক্টোবর।

মতামত দিন