জাতীয়
ছবি: সংগৃহীত

আশুলিয়ায় সেপটিক ট্যাংক বিস্ফোরণ, ম্যানেজার নিহত–আহত ৫।

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকার আশুলিয়ার ভাদাইল দক্ষিণপাড়া এলাকায় একটি বাসার সেপটিক ট্যাংক বিস্ফোরণে গোলাম রাব্বানী (৫০) নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন, যার মধ্যে একজনের অবস্থা গুরুতর।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ২টার দিকে টিনশেড বাড়ির একটি সেপটিক ট্যাংক পরিষ্কার করার সময় বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে ট্যাংকের ঢাকনা উড়ে গিয়ে ছাউনি এবং দেয়ালের কিছু অংশ ধসে পড়ার কারণে ঘটনাস্থলেই মারা যান বাড়ির ম্যানেজার রাব্বানী।আহতরা হলেন—সুইপার ইমান আলী, ফারিয়া বেগম রত্না, সোনিয়া আক্তার, ইশরাত জাহান রিয়া এবং শিশু রোহান।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী জানিয়েছেন, রাত ২টা ১৫ মিনিটে খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্যাংকে জমে থাকা গ্যাসের কারণে বিস্ফোরণ ঘটে।

আশুলিয়া থানার উপপরিদর্শক নজরুল ইসলাম বলেন, নিহতের মরদেহ পরিবারকে হস্তান্তর করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, এলাকায় বহু ট্যাংক দীর্ঘদিন ধরে অপরিচ্ছন্ন ও অরক্ষিত অবস্থায় পড়ে থাকায় বড় দুর্ঘটনার ঝুঁকি থাকছে।

মতামত দিন