চট্টগ্রাম বন্দরে এক মাসের জন্য সভা-সমাবেশে নিষেধাজ্ঞা।
চট্টগ্রাম বন্দর এলাকা জুড়ে আগামী ৩০ দিনের জন্য সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, মানববন্ধন ও পথসভা নিষিদ্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশ জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আমদানি-রপ্তানি কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) থেকে কার্যকর হওয়া এই নিষেধাজ্ঞা বন্দরসংলগ্ন বারেক বিল্ডিং মোড়, নিমতলা মোড়, ৩ নম্বর জেটি গেট, কাস্টমস মোড়, সল্টগোলা ক্রসিংসহ আশপাশের এলাকায় বলবৎ থাকবে।
সিএমপি জানায়, চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির মূল কেন্দ্রবিন্দু। প্রতিদিন প্রায় পাঁচ থেকে ছয় হাজার যানবাহন নিত্যপ্রয়োজনীয় পণ্য, শিল্পকারখানার কাঁচামাল ও রপ্তানিযোগ্য মালামাল পরিবহনের জন্য বন্দরে চলাচল করে।
এই বিপুল যান চলাচল নির্বিঘ্ন রাখতে বন্দর এলাকায় রাজনৈতিক বা সামাজিক কর্মসূচি থেকে বিরত থাকতে অনুরোধ জানিয়েছে পুলিশ।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৭৮-এর ৩০ ধারার ক্ষমতাবলে কমিশনার এ আদেশ জারি করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

মতামত দিন