১৭ মাসে কোরআনে হাফেজ রাদিফ, উপহার পেল সাইকেল।
সোমবার (৬ অক্টোবর) রাদিফের এই অর্জনে তাকে একটি বাইসাইকেল উপহার দিয়েছে রায়পুরের আল-আবরার তাহফিজুল কোরআন মাদ্রাসা কর্তৃপক্ষ। সে স্থানীয় চরপাতা গাছিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদের ছেলে। পরিবার নিয়ে তারা বর্তমানে রায়পুরে বসবাস করেন।
মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মুহাম্মদ আবরার হোসেন বলেন, “আমাদের নীতিমালা অনুযায়ী, যে শিক্ষার্থী কোরআনে হাফেজ হয়, তাকে সাইকেল উপহার দেওয়া হয়। রাদিফ সেই সুযোগ পেয়েছে তার মেধা ও অধ্যবসায়ের জন্য।”
তিনি আরও জানান, সাধারণত হিফজ বিভাগ আবাসিক হয়, কিন্তু রাদিফ অনাবাসিক হয়েও ১৭ মাসে সম্পূর্ণ কোরআন মুখস্থ করেছে—যা মাদ্রাসার ইতিহাসে একটি অনন্য দৃষ্টান্ত।
রাদিফের বাবা হারুনুর রশিদ বলেন, “রাদিফ বাসা থেকে প্রতিদিন মাদ্রাসায় যেত। কোরআন শিক্ষার প্রতি তার একাগ্রতা ছিল ছোটবেলা থেকেই। আল্লাহর রহমতে সে এখন পূর্ণাঙ্গ হাফেজ। এর পেছনে মাদ্রাসার শিক্ষকদের অবদান সবচেয়ে বেশি।”
সোমবার মাদ্রাসায় এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে রাদিফকে সাইকেল উপহার দেওয়া হয় এবং একই সঙ্গে আরও কয়েকজন শিক্ষার্থীকে সবক দেওয়া হয়। শিক্ষার্থীদের মনোবল বাড়াতে এই উদ্যোগকে প্রশংসা করেছেন অভিভাবকরা।

মতামত দিন