টঙ্গীতে উপদেষ্টা শারমিন এস মুরশিদের গাড়ি অবরোধ করে বিক্ষোভ।
টঙ্গীতে সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদের গাড়ি অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট ও মৈত্রী শিল্পের চাকরিচ্যুত শ্রমিকরা। মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে সমাজসেবা অধিদপ্তরের প্রধান ফটকে এ ঘটনা ঘটে।
উপদেষ্টা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের অভিযোগ মনোযোগসহকারে শুনেন এবং সংশ্লিষ্ট দপ্তরকে তদন্তের নির্দেশ দিলে পরিস্থিতি শান্ত হয়। এর আগে তিনি দিনব্যাপী গাজীপুরের টঙ্গীতে প্রতিবন্ধী কর্মীদের উৎপাদন ইউনিট পরিদর্শন করেন। মুক্তা ড্রিংকিং ওয়াটার ও প্লাস্টিক সামগ্রীসহ বিভিন্ন উৎপাদন কেন্দ্র ঘুরে দেখেন, কাজের মান ও কর্মীদের সুযোগ-সুবিধা যাচাই করেন।
পরিদর্শনের সময় শারমিন এস মুরশিদ বলেন, “কাজের মান ও গুণগত দিকের প্রতি আমি বিশেষ মনোযোগ রাখব। কোয়ালিটি নিশ্চিত করাই হবে মূল ফোকাস।” এছাড়া মৈত্রী শিল্পকে আরও সুশৃঙ্খল ও টেকসই করার পরিকল্পনা নেওয়া হচ্ছে।
চাকরিচ্যুত শ্রমিকরা অভিযোগ করেন, ২০১৪ সাল থেকে চলমান অনিয়ম ও দুর্নীতির কারণে অনেক প্রতিবন্ধী কর্মী অন্যায়ভাবে বরখাস্ত হয়েছেন। তারা স্মারকলিপি তুলে পুনর্বহাল, দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণ ও একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন দাবি করেন।
উপদেষ্টা বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করার আশ্বাস দেন। শ্রমিকরা তার মানবিক মনোভাবের কারণে শান্ত হন এবং অবরোধ তুলে নেন। সংশ্লিষ্টরা বলছেন, মাঠপর্যায়ে এসে সরাসরি অভিযোগ শুনে ব্যবস্থা নেওয়া প্রশাসনিক ও মানবিক দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ উদাহরণ স্থাপন করেছে।

মতামত দিন