১৮ অক্টোবরের আগেই প্রকাশ হবে এইচএসসি পরীক্ষার ফলাফল।
২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা মূল্যায়ন শেষ হয়েছে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। সবকিছু ঠিকঠাক থাকলে ১৮ অক্টোবরের আগেই ফল প্রকাশ করা হবে।
কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার মঙ্গলবার (৭ অক্টোবর) জানান, দেশের সব শিক্ষা বোর্ডে খাতা দেখা শেষ হয়েছে এবং এখন ফল তৈরির কারিগরি কাজ চলছে। তাঁর ভাষায়, “১৮ অক্টোবর ৬০ দিন পূর্ণ হবে, তবে আমরা তার আগেই ফল প্রকাশের প্রস্তুতি নিচ্ছি। তারিখ এখনো চূড়ান্ত হয়নি।”
চলতি বছরের এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হয় ১৯ আগস্ট, আর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয় ২১ থেকে ৩১ আগস্ট পর্যন্ত। এবার মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়, যার মধ্যে ছাত্র ৬ লাখ ১৮ হাজার ১৫ জন এবং ছাত্রী ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন।
পাবলিক পরীক্ষা আইনে নির্ধারিত আছে, লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করতে হয়। সেই হিসাব অনুযায়ী ১৮ অক্টোবরের মধ্যেই ফলাফল প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে।
মতামত দিন