রাজবাড়ীতে মা ইলিশ রক্ষায় অভিযানে মাছ এতিমখানায় দান, নৌকা নিলামে বিক্রি এবং জাল পুড়িয়ে ধ্বংস।
মা ইলিশ সংরক্ষণে বিশেষ অভিযানে রাজবাড়ীর পদ্মা নদীর অংশ থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল ও ইলিশ মাছ জব্দ করেছে প্রশাসন। একই সঙ্গে একটি মাছ ধরার নৌকা আটক করে নিলামে বিক্রি করা হয়েছে।
রোববার (৫ অক্টোবর) বিকেল থেকে সোমবার (৬ অক্টোবর) বিকেল পর্যন্ত জেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ীর জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব উল হক।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় পরিচালিত সাতটি অভিযানে প্রায় ৫০ হাজার মিটার অবৈধ জাল এবং পাঁচ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। এ সময় গোয়ালন্দের কলাবাগান এলাকায় একটি ইঞ্জিনচালিত নৌকা আটক করা হয়। তবে অভিযানের সময় জেলেরা পালিয়ে যায়।
পরে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাইল কোর্টের মাধ্যমে নৌকাটি জনসমক্ষে নিলামে ৩৬ হাজার টাকায় বিক্রি করেন। উদ্ধার করা মাছ স্থানীয় এতিমখানায় হস্তান্তর এবং জব্দ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
জেলা মৎস্য কর্মকর্তা বলেন, মা ইলিশ সংরক্ষণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে। অবৈধ মাছ ধরা রোধে প্রশাসনের নজরদারি আরও জোরদার করা হয়েছে।
মতামত দিন