জাতীয়
ছবি: সংগৃহীত

রংপুরের তিস্তা, দুধকুমার ও ধরলা নদীর পানি বৃদ্ধি, নিম্নাঞ্চলে বন্যা সতর্কতা।

নিজেস্ব প্রতিবেদক:

রংপুর বিভাগের তিস্তা, দুধকুমার ও ধরলা নদীতে পানি বৃদ্ধি পাচ্ছে, যা আগামী দুই দিনে আরও দ্রুত বাড়ার আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রামের নদী সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যার সম্ভাবনা তৈরি হচ্ছে।

রোববার (৫ অক্টোবর) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের উপ-বিভাগীয় প্রকৌশলী পার্থ প্রতীম বড়ুয়ার পক্ষ থেকে দেওয়া সতর্কবার্তায় জানানো হয়েছে, গত এক দিনে রংপুর বিভাগের ভেতরে এবং ভারতের পশ্চিমবঙ্গ, সিকিম ও অরুণাচল প্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে।

সতর্কবার্তায় বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু অংশে এবং ভারতের উজানাঞ্চলীয় এলাকাগুলোয় আরও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এতে ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল দ্রুত বৃদ্ধি পাবে। বর্তমানে তিস্তা নদীর পানি সমতল স্থিতিশীল থাকলেও আগামী দুই দিন বিপৎসীমা অতিক্রমের আশঙ্কা রয়েছে।

প্রত্যাশা করা হচ্ছে, নদীসংলগ্ন নিম্নাঞ্চলগুলিতে পানি ঢুকে বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে। তবে বুধবার (৮ অক্টোবর) পর্যন্ত পানি সমতল স্থিতিশীল হওয়ার সম্ভাবনা আছে।

সতর্কবার্তায় স্থানীয়দের প্রয়োজনীয় প্রস্তুতি নিতে, উচ্চতায় নিরাপদ স্থানে অবস্থান করতে এবং নদীর পাশের এলাকায় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

মতামত দিন