উজানের ঢল ও ভারী বৃষ্টিতে তিস্তা ব্যারাজ পয়েন্টে বিপৎসীমার ওপরে পানি, নিম্নাঞ্চল প্লাবিত।
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ পয়েন্টে বিপৎসীমার ১ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। উজানের ঢল ও টানা ভারী বৃষ্টিপাতের কারণে নিম্নাঞ্চলের কিছু এলাকা ইতিমধ্যেই প্লাবিত হয়েছে।
রোববার (৫ অক্টোবর) বিকেল ৩টায় তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে পানিপ্রবাহ ৫২.১৬ সেন্টিমিটার রেকর্ড করা হয়েছে, যেখানে স্বাভাবিক বিপৎসীমা ৫২.১৫ সেন্টিমিটার। এর আগে দুপুর ১২টায় বিপৎসীমার ৯ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল। অর্থাৎ মাত্র তিন ঘণ্টার মধ্যে ৯ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে।
সেচ প্রকল্পের পানি নিয়ন্ত্রণে রাখা ৪৪টি জলকপাট খোলা রয়েছে। উজানের ঢল ও ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তা নদীর চরাঞ্চল ও তীরবর্তী এলাকা প্লাবিত হয়েছে, ফলে নিম্নাঞ্চলের মানুষজন দুর্ভোগে পড়েছেন। তিস্তার পানি বৃদ্ধির কারণে হাতীবান্ধা উপজেলার ছয়টি ইউনিয়নের ৮–১০টি চর, পাটগ্রাম, আদিতমারী, মহিষখোঁচা এবং সদর উপজেলার কিছু ইউনিয়নের চর ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, নদীর পানি বৃদ্ধি পাচ্ছে এবং নিম্নাঞ্চলের মানুষকে সতর্ক থাকার জন্য বলা হয়েছে।

মতামত দিন