জাতীয়
ছবি: সংগৃহীত

ঈশ্বরদীতে ধানক্ষেতে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার।

নিজেস্ব প্রতিবেদক:

পাবনার ঈশ্বরদীতে ধানক্ষেতের আইল থেকে সিরাজুল ইসলাম (৪৩) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৫ অক্টোবর) সকাল আটটার দিকে পৌরসভার ফতেমোহাম্মদপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সিরাজুল ইসলাম ওই এলাকার মৃত কেটু আহমেদের ছেলে। স্থানীয়দের বরাতে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি মাদকাসক্ত ছিলেন। কয়েক বছর আগে স্ত্রী আলাদা হয়ে যাওয়ার পর তিনি নানা অসামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন।

পুলিশ জানায়, মরদেহের পাশে একটি ব্যাগভর্তি কলা পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, ধানক্ষেতের আইলে হাঁটার সময় পা পিছলে পড়ে স্ট্রোকের কারণে তার মৃত্যু হতে পারে।

ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ আফজাল হোসেন জানান, সকালে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, নিহতের দেহে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

মতামত দিন