ধানমন্ডি লেকে ভেসে থাকা এক তরুণের মরদেহ উদ্ধার।
ঢাকার ধানমন্ডি লেকে ভেসে থাকা এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৫ অক্টোবর) সকালে ধানমন্ডির সুদাসদনের পেছনের অংশে পানিতে মরদেহটি দেখতে পান স্থানীয়রা।
নিহতের নাম ওমর ফারুক (১৮)। তিনি হাজারীবাগের টেনারি মোড় এলাকার বউবাজারের বাসিন্দা।তার বাবার নাম আব্দুল কুদ্দুস মোল্লা।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা জানান, সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লেক থেকে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, নিহত তরুণের বাবা জানিয়েছেন, শুক্রবার মায়ের সঙ্গে ঝগড়া করে বাসা থেকে বের হয়ে যায় ওমর ফারুক। পরে আর ফেরেনি। ধারণা করা হচ্ছে, সাঁতার না জানায় পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে।
পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
মতামত দিন