জাতীয়
ছবি: সংগৃহীত

খাগড়াছড়িতে চার দিন ধরে চলা সড়ক অবরোধ প্রত্যাহার।

নিজেস্ব প্রতিবেদক: 

খাগড়াছড়িতে মারমা কিশোরী ধর্ষণের অভিযোগ তুলে চার দিন ধরে চলা সড়ক অবরোধ শেষে জুম্ম ছাত্রজনতা অবরোধ স্থগিতের পর এখন পুরোপুরি প্রত্যাহার করেছে। শনিবার (৪ অক্টোবর) সকালে সংগঠনের মিডিয়া সেল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শহীদদের ধর্মীয় রীতি অনুযায়ী পুণ্যকর্ম সম্পাদন, আহত ও ক্ষতিগ্রস্তদের প্রতি মানবিক সহায়তা প্রদান এবং প্রশাসনের আশ্বাসকে আংশিক বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রশাসনের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠক

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খাগড়াছড়ি ও গুইমারার সাম্প্রতিক সহিংসতা নিয়ে ১ অক্টোবর জেলা প্রশাসক, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও পুলিশ সুপারের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে জুম্ম ছাত্রজনতা স্পষ্টভাবে তাদের ৮ দফা দাবি, ১৪৪ ধারা প্রত্যাহার এবং সংঘটিত হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে। প্রশাসনের পক্ষ থেকে দাবিসমূহ বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয়। এছাড়া শহীদ পরিবারের জন্য নগদ ৫০ হাজার টাকা প্রদানের বিষয়টিও জানানো হয়।

ঘটনার প্রেক্ষাপট

২৩ সেপ্টেম্বর রাত ৯টার দিকে প্রাইভেট পড়ার পথে এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। রাত ১১টায় অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে স্বজনরা। ওইদিনই ভুক্তভোগীর বাবা তিনজনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন। পরবর্তীতে সেনাবাহিনীর সহায়তায় সন্দেহভাজন যুবক শয়ন শীলকে (১৯) আটক করে পুলিশ।

এরপর ৪ দিনের সড়ক অবরোধ পালন করে জুম্ম ছাত্রজনতা। শুক্রবার ও শনিবার পর্যন্ত অবরোধ চলাকালীন গুইমারায় সহিংসতায় তিন যুবক নিহত হন। এ সময় সেনা ও পুলিশসহ মোট ২০ জন আহত হন। আহতদের মধ্যে রয়েছেন সিন্দুকছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর মো. মাজহার হোসেন রাব্বানী এবং গুইমারা থানার পুলিশ সদস্যরা।

আইনশৃঙ্খলা ব্যবস্থা

খাগড়াছড়ি জেলা প্রশাসন পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। পুলিশ ১৪৪ ধারা ভঙ্গ, সহিংসতা এবং পুলিশের ওপর হামলার ঘটনায় তিনটি পৃথক মামলা দায়ের করেছে। এসব মামলায় প্রাথমিকভাবে ২৫০-৭০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

সংগঠনের অবস্থান

বিজ্ঞপ্তিতে জুম্ম ছাত্রজনতা উল্লেখ করেছে, তারা শহীদদের ধর্মীয় রীতি অনুযায়ী পুণ্যকর্ম সম্পাদন করবে, আহত ও ক্ষতিগ্রস্তদের প্রতি মানবিক সহায়তা প্রদানের উদ্যোগ নেবে এবং প্রশাসনের আশ্বাসকে আংশিকভাবে বিবেচনা করে ৫ অক্টোবর পর্যন্ত ঘোষিত স্থগিত অবরোধ আপাতত প্রত্যাহার করছে।

মতামত দিন