জাতীয়
ছবি: সংগৃহীত

ফেনীর পরশুরামে নদীর পানি বিপৎসীমার কাছে, আতঙ্কে তীরবর্তী মানুষরা।

নিজেস্ব প্রতিবেদক: 

ফেনীর পরশুরামের মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি ভারী বর্ষণ এবং ভারতের উজানের পানি প্রবাহের চাপের কারণে বিপৎসীমার কাছাকাছি পৌঁছেছে। বুধবার (১ অক্টোবর) সকাল থেকে নদীর পানি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, ফলে স্থানীয়রা নতুন করে বন্যার ভয় পাচ্ছেন।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, মুহুরী নদীর পানি সকাল থেকে ১১ দশমিক ১৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। চিথলিয়া ইউনিয়নের অলকা গ্রামের শামসুল আলম জানান, চলতি বছরের দুই দফা বন্যার কারণে সব ফসল ও জীবিকা হারিয়েছেন। “আবার বন্যা এলে আমন ধানের ক্ষেতের ব্যাপক ক্ষতি হবে,” তিনি যোগ করেন। পশ্চিম অলকা গ্রামের মাসুম চৌধুরী বলেন, জুলাইয়ের বন্যার ক্ষত এখনও মেরামত করা যায়নি। “নদীর পানি বাড়তে দেখে পরিবার-পরিজন নিয়ে আমরা আতঙ্কে দিন কাটাচ্ছি।”

পাউবোর নির্বাহী প্রকৌশলী আক্তার হোসেন জানান, চলতি বছরে তিনটি নদীর ৪১টি স্থানে বাঁধ ভেঙে ব্যাপক ক্ষতি হয়েছে। ঠিকাদার নিয়োগ করে ৫ কোটি টাকায় ৪০টি বাঁধ জিও টিউবের মাধ্যমে মেরামত করা হয়েছে, তবে একটি বাঁধ ভারতীয় বিএসএফের বাধার কারণে সংস্কার সম্ভব হয়নি। তিনি আরও বলেন, আপাতত লোকালয়ে পানি ঢোকার কোনো সম্ভাবনা নেই।

উল্লেখ্য, চলতি বছরের ৮ জুলাই ভয়াবহ বন্যায় নদীর ৪১টি স্থানে বেড়িবাঁধ ভেঙে ব্যাপক ক্ষতি হয়। এর আগে গত বছরের ২০ আগস্টের বন্যায় উপজেলার তিনটি নদীর বেড়িবাঁধ ভেঙে ফেনীর বিস্তীর্ণ এলাকা পানির নিচে তলিয়ে যায়, এতে রাস্তাঘাট, ফসলি জমি ও ঘরবাড়ি নদীতে বিলীন হয়ে যায়।

মতামত দিন