জাতীয়
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জে প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মোবাইল নিষিদ্ধ করল উপজেলা প্রশাসন।

নিজেস্ব প্রতিবেদক: 

কিশোরগঞ্জ সদর উপজেলায় প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। সিদ্ধান্তটি ১ম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য হবে, যার মধ্যে রয়েছে সরকারি ও বেসরকারি বিদ্যালয়, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এবং এবতেদায়ি ও দাখিল মাদ্রাসা।

সোমবার (২৯ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় এই নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফ। এছাড়া উপস্থিত ছিলেন সদর মডেল থানার ওসি, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, শিক্ষাব্যবস্থার বিভিন্ন কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্যরা।

এ সিদ্ধান্তকে অভিভাবক ও শিক্ষকরা প্রশংসা করেছেন। তারা মনে করেন, এতে শিক্ষার্থীরা মোবাইল আসক্তি থেকে দূরে থাকবে এবং পড়াশোনার প্রতি মনোযোগ বৃদ্ধি পাবে। শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক সুস্থতা নিশ্চিত হবে এবং খেলাধুলায় আগ্রহ বাড়বে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সম্প্রতি স্কুলগুলোতে শিক্ষার্থীরা ক্লাসের সময় ফাঁকে ফাঁকে মোবাইল ব্যবহার করছে এবং অনলাইন জুয়া ও অনাকাঙ্ক্ষিত কার্যকলাপে জড়িয়ে পড়ছে। তাই শিক্ষাপ্রতিষ্ঠানে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে এবং শিক্ষার মান উন্নয়নে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সিদ্ধান্তের কার্যকর বাস্তবায়নের জন্য তদারকি টিম গঠন করা হবে এবং নিয়মিত পর্যবেক্ষণ চালানো হবে। শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও সচেতন থাকার আহ্বান জানান তিনি।

মতামত দিন