জাতীয়
ছবি: সংগৃহীত

এনসিপির প্রতীক নিশ্চিত করতে ইসি পাঠাবে চিঠি।

নিজেস্ব প্রতিবেদক: 

নির্বাচন কমিশন (ইসি) আগামী দিনে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) প্রতীক নিশ্চিত করার জন্য চিঠি পাঠাবে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি জানান, রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য আবেদন করা দলগুলোর মধ্যে এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগ শর্ত পূরণ করেছে।

এছাড়া তিনটি দল কমিশনের পর্যবেক্ষণে রয়েছে—বাংলাদেশ আম জনগণ পার্টি, জাতীয় জনতা পার্টি এবং জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-শাহজাহান সিরাজ)। অন্যদিকে, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির বিষয়ে আদালতের রায় আসায় তারা নিবন্ধন পাবে।

আখতার আহমেদ আরও জানান, ৯টি দলের কার্যকারিতার বিষয়ে ইসি অতিরিক্ত তদন্ত করবে। এসব দল হলো—আমজনতার দল, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি (বিজিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, ভাসানী জনশক্তি পার্টি, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, জনতার দল, মৌলিক বাংলা ও জনতা পার্টি বাংলাদেশ।

এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছিলেন, নতুন দলগুলোকে নিবন্ধন দিতে ইসি সর্বদা স্বচ্ছ ও নিরপেক্ষভাবে কাজ করে। তিনি আশা প্রকাশ করেছেন, সব দল নির্বাচনের আগে সমঝোতায় আসবে এবং প্রবাসী ভোটারদের ভোটগ্রহণও সফলভাবে সম্পন্ন হবে।

মতামত দিন