শিগগিরই ভিসা জটিলতা সমাধান হবে: ভারতীয় হাইকমিশনার।
ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রনয় কুমার ভার্মা বলেছেন, পরিস্থিতি স্বাভাবিক হলে খুব শিগগিরই ভিসা সংক্রান্ত জটিলতা কাটিয়ে ওঠা সম্ভব হবে। বর্তমানে মেডিকেল ভিসা কার্যকর রয়েছে, এও তিনি জানান।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার প্রাচীন রনদা প্রসাদ সাহা দুর্গা মন্দির পরিদর্শনকালে হাইকমিশনার এ মন্তব্য করেন।
প্রনয় কুমার ভার্মা মন্দির পরিদর্শনের সময় বলেন, “বাংলাদেশ ও ভারতের সম্পর্ক গভীর ঐতিহাসিক প্রেক্ষাপটের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। ধর্মীয় ও সাংস্কৃতিক সহযোগিতা দুই দেশের বন্ধুত্ব আরও দৃঢ় করবে।”
পরিদর্শনের শুরুতে কুমুদিনী হোমসের কর্মকর্তারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে মন্দিরের ইতিহাস, সংস্কার কার্যক্রম এবং পরিচালনার বিভিন্ন দিক সম্পর্কে হাইকমিশনারকে বিস্তারিত জানানো হয়।
এ সময় কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজিব প্রসাদ সাহা, কানাডার হাইকমিশনার অজিত সিং, নেপালের এম্বাসেডর ঘনশ্যাম ভান্ডারি এবং স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতামত দিন