জাতীয়
ছবি: সংগৃহীত

দুর্গোৎসব ঘিরে ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’ চালু করেছে এনটিএমসি।

নিজেস্ব প্রতিবেদক: 

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নিরাপত্তা জোরদারে ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’ চালু করেছে ন্যাশনাল টেলিকম মনিটরিং সেন্টার (এনটিএমসি)। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

এনটিএমসির পক্ষ থেকে বলা হয়েছে, পূজামণ্ডপ ও আশপাশে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা দ্রুত জানাতে এবং তাৎক্ষণিক আইনশৃঙ্খলা বাহিনীর পদক্ষেপ নিশ্চিত করতেই বিশেষ এই অ্যাপ তৈরি করা হয়েছে। পূজামণ্ডপে দায়িত্ব পালনরত আনসার সদস্যরা সরাসরি অ্যাপের মাধ্যমে রিপোর্ট পাঠাচ্ছেন। রিপোর্ট হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট থানাসহ নিয়োজিত বাহিনীর কর্মকর্তারা নোটিফিকেশন পাচ্ছেন। পাশাপাশি এনটিএমসির সমন্বয়ক সেল ও পর্যবেক্ষকরাও পরিস্থিতি নজরদারি করছেন।

সংবাদ সম্মেলনে এনটিএমসির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল কাইয়ূম অ্যাপসটির কার্যকারিতা তুলে ধরেন। বিস্তারিত উপস্থাপনা করেন এনটিএমসির কমান্ডার সাইফুল ইসলাম।

সংস্থাটি জানিয়েছে, কেবল কর্তব্যরত আনসার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এ অ্যাপ  ব্যবহার করতে পারবেন। অভিযোগ পাওয়ার পর কী পদক্ষেপ নেওয়া হলো—তা পর্যবেক্ষণের সুযোগও রয়েছে। বর্তমানে আনসারসহ বিভিন্ন বাহিনীর প্রায় ৮৩ হাজার সদস্য অ্যাপটি ব্যবহার করছেন। ২৮ সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত এর মাধ্যমে ১৩২টি অভিযোগ গ্রহণ করা হয়েছে।

প্রসঙ্গত, গতবারের দুর্গাপূজা ও বড়দিনেও পরীক্ষামূলকভাবে একই অ্যাপ ব্যবহার করা হয়েছিল।

মতামত দিন