জাতীয়
ছবি: সংগৃহীত

আড়ংয়ের কাগজের ব্যাগে মূল্য আদায় বন্ধে লিগ্যাল নোটিশ।

নিজেস্ব প্রতিবেদক:

দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন ব্র্যান্ড আড়ংয়ের বিরুদ্ধে কাগজের শপিং ব্যাগে মূল্য নেওয়া বন্ধ করতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট নিশাত ফারজানা এ নোটিশ পাঠান।

তিনি জানান, দীর্ঘদিন ধরে আড়ংয়ের নিয়মিত ক্রেতা হিসেবে প্রতিবার কেনাকাটার সঙ্গে বিনামূল্যে কাগজের ব্যাগ পেয়ে আসছিলেন। কিন্তু সম্প্রতি মগবাজার শাখা থেকে কেনাকাটার সময় জানানো হয়,  আর বিনামূল্যে ব্যাগ দেওয়া হয় না; বরং কাগজের ব্যাগ কিনতে হবে। এ সময় তাকে একটি লিফলেট দেওয়া হয়, যেখানে উল্লেখ করা হয়— “আড়ং ব্যাগ এখন আরও অর্থবহ” এবং এর বিক্রয় থেকে প্রাপ্ত অর্থ বৃক্ষরোপণসহ পরিবেশবান্ধব কাজে ব্যয় হবে।

অ্যাডভোকেট নিশাত ফারজানার অভিযোগ, নিম্নমানের কাগজের ব্যাগ গ্রাহকদের কাছে বিক্রি করা অনৈতিক এবং জোরপূর্বক আদায়ের শামিল। আড়ং চাইলে পণ্যের মুনাফা থেকে পরিবেশ প্রকল্পে ব্যয়  করতে পারত, সেটি করলে প্রতিষ্ঠান প্রশংসিত হতো। কিন্তু গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত অর্থ নিয়ে এ ধরনের প্রচারণা প্রতারণার শামিল।

নোটিশে আরও বলা হয়েছে, বর্তমানে আড়ংয়ের ব্যাগের মান রিসাইকেল কাগজের হওয়ায় অল্প সময়েই অকার্যকর হয়ে পড়ে। তাছাড়া নতুন করে চালু করা ফ্যাব্রিক ব্যাগের দামও অত্যধিক, এবং এগুলোর ছোট আকারের কারণে একাধিক পণ্য নিতে গেলে গ্রাহককে অতিরিক্ত খরচ করতে হয়। এ উদ্যোগ নেওয়ার আগে আড়ংয়ের উচিত ছিল গ্রাহকদের মতামত নেওয়া।

তিনি সতর্ক করে বলেন, নোটিশ পাওয়ার ১০ দিনের মধ্যে ব্যাগের বিপরীতে মূল্য আদায় বন্ধ না হলে এ বিষয়ে আদালত ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন