জাতীয়
ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জে বাল্কহেডের ধাক্কায় মেঘনায় ট্রলার ডুবে জেলে নিখোঁজ।

নিজেস্ব প্রতিবেদক:

মুন্সীগঞ্জের চরকিশোরগঞ্জ এলাকায় মেঘনা নদীতে বালুবোঝাই একটি বাল্কহেডের ধাক্কায় মাছ ধরার ট্রলার ডুবে গেছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে মোল্লারচর সংলগ্ন নদীপথে এ দুর্ঘটনা ঘটে।

ট্রলারে থাকা ছয় জেলের মধ্যে পাঁচজনকে আশপাশের নৌযান উদ্ধার করে তীরে তুলতে সক্ষম হলেও মোহাম্মদ শরীফ (৩২) নামের এক জেলে এখনও নিখোঁজ রয়েছেন।

ঘটনার পরপরই মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, নদীতে প্রবল স্রোত ও গভীরতা থাকায় উদ্ধার  কাজ জটিল হয়ে পড়েছে, তবে নিখোঁজ জেলেকে খুঁজে পেতে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।

এদিকে নারায়ণগঞ্জের কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সালেহ আহমেদ জানান, ট্রলার ডুবির পর ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়া বাল্কহেড শনাক্তের চেষ্টা চলছে।

নিখোঁজ শরীফের পরিবার নদীর তীরে অপেক্ষা করছেন। একই সঙ্গে স্থানীয়রাও ব্যক্তিগত উদ্যোগে খোঁজাখুঁজি অব্যাহত রেখেছেন।

মতামত দিন