জাতীয়
ছবি: সংগৃহীত

খাগড়াছড়িতে কিশোরী ধর্ষণবিরোধী বিক্ষোভে গুইমারা বাজারে আগুন।

নিজেস্ব প্রতিবেদক:

খাগড়াছড়ির গুইমারা উপজেলার রামেসু বাজারে রোববার বেলা একটায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাসহ আগুন লাগার ঘটনা ঘটেছে। অভিযুক্তরা ‘জুম্ম-ছাত্র জনতা’ ব্যানারে পাহাড়ি কিশোরীর ওপর দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে অবরোধ কর্মসূচি পালন করছিলেন।
আগুনে বাজারের বেশ কয়েকটি দোকানসহ আশেপাশের বসতঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, অবরোধে অংশগ্রহণকারীরা প্রথমে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছিলেন। এর মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কথাবার্তা ও বাক্যবিতণ্ডা শুরু হয়। অভিযোগ রয়েছে, এ সময় কিছু গুলি ছোড়া হয়, ফলে চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে কিছু মানুষ বাজার ও আশপাশের বসতঘরে আগুন লাগিয়ে দেন এবং দোকানপাট লুটপাট করা হয়। এ সময় অন্তত ছয়জন আহত হন।

ঘটনার পরপরই খাগড়াছড়ি শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বাজার ও আশেপাশের দোকানপাট বন্ধ রয়েছে, মোড়ে মোড়ে নিরাপত্তা বাহিনী দায়িত্ব পালন করছে।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এনামুল হক চৌধুরী জানান, অবরোধ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের কারণে পরিস্থিতি উত্তপ্ত। তিনি বলেন, বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

এদিকে জেলা প্রশাসক ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা স্থানীয় বিভিন্ন শ্রেণির মানুষদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। তারা সবাইকে মিলেমিশে থাকার আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, ধর্ষণের অভিযোগে পুলিশ ইতোমধ্যে এক ব্যক্তিকে আটক করেছে এবং আদালতের মাধ্যমে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

মতামত দিন