ডেঙ্গুতে আরও ৪ জনের প্রাণহানি, নতুন করে আক্রান্ত ৮৪৫।
গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় সমানভাবে দুইজন করে মারা গেছেন।
স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে রবিবার (২৮ সেপ্টেম্বর) প্রকাশিত দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত নতুন করে ৮৪৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২০৯ জন এবং ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৬৩৬ জন। বিভাগভিত্তিক হিসাবে বরিশালে ১৬৬, ঢাকার বাইরে ঢাকা বিভাগে ১৬৪, চট্টগ্রামে ৯১, খুলনায় ১০১, রাজশাহীতে ৫৪ এবং ময়মনসিংহে ৩৭ জন ভর্তি হয়েছেন।
এর আগের দিনে ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ১২ জনের মৃত্যু হয়েছিল।
স্বাস্থ্য অধিদফতরের হিসাব অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৯২ জনের মৃত্যু ঘটেছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৬ হাজার ৫১ জন।
মতামত দিন