জাতীয়
ছবি: সংগৃহীত

দুর্গাপূজা নিরাপদে উদযাপনের নিশ্চয়তা দিলেন :স্বরাষ্ট্র উপদেষ্টা।

নিজেস্ব প্রতিবেদক:

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও নিরাপদভাবে উদযাপিত হবে এবং এ বিষয়ে কোনো ধরনের আশঙ্কা নেই। তবে তিনি সতর্ক করেছেন, প্রতিবেশী দেশ ও ফ্যাসিস্ট সহযোগীরা বিভিন্ন গুজব ছড়ানোর চেষ্টা করতে পারে।

রোববার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধ করা জরুরি। জনগণ যাতে সঠিক তথ্য পায়, সে বিষয়েও মনোযোগ দিতে হবে।

তিনি আরও জানান, সারাদেশে দুর্গাপূজার নিরাপত্তার জন্য সশস্ত্র বাহিনীর ১ লাখ সদস্য, পুলিশের ৭০ হাজার সদস্য এবং ৪৩০ প্লাটুন মোতায়েন থাকবে। এছাড়া বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীসহ মহিলা ও শিশু মন্ত্রণালয়ের স্বেচ্ছাসেবীরাও দায়িত্ব পালন করবেন। কোনো গুজব ছড়ানো বা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা ধরা পড়লে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি জানিয়েছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্র সফরের পরও ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। একইসঙ্গে খাগড়াছড়ির ঘটনাকে কেন্দ্র করে পার্বত্য চট্টগ্রামের বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা সব পক্ষকে নিয়ে বসেছেন বলে জানিয়েছেন জাহাঙ্গীর আলম।

মতামত দিন