জাতীয়
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনে দখলদারিত্ব বন্ধে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান বাংলাদেশের।

নিজেস্ব প্রতিবেদক:

ফিলিস্তিনে ইসরায়েলি দখল ও সহিংসতা থামাতে জরুরি কার্যকর পদক্ষেপ নিতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সময় নিউইয়র্কে ওআইসি (অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন) পররাষ্ট্রমন্ত্রীদের বার্ষিক সমন্বয় সভায় এই আহ্বান জানান বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

তিনি ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকার ও স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে বাংলাদেশের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন। ঢাকায় পাঠানো বার্তায় জানানো হয়, বক্তব্যে উপদেষ্টা বলেন— ন্যায়বিচার নিশ্চিত না হলে এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত না হলে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি সম্ভব নয়।

তৌহিদ হোসেন আরও বলেন, ওআইসির ভেতরে কার্যকর সংস্কার, বাড়তি সম্পদ আহরণ এবং বাস্তবায়নযোগ্য সহযোগিতা জোরদার করা জরুরি। ইসলামী বিশ্বের ঐক্য জোরদার ও ওআইসির দশ বছরের কর্মপরিকল্পনায় বাংলাদেশের অবদানের কথাও তুলে ধরেন তিনি।

বৈঠকটি সদস্য রাষ্ট্রগুলোর জন্য শান্তি ও নিরাপত্তা থেকে শুরু করে উন্নয়ন ও অগ্রাধিকারের নানা বিষয়ে অভিন্ন অবস্থান গড়ে তোলার একটি মঞ্চ হিসেবে কাজ করেছে।

মতামত দিন