জাতীয়
ছবি: সংগৃহীত

খুলনায় পরিত্যক্ত ভবন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার।

নিজেস্ব প্রতিবেদক:

খুলনার ট্যাংক রোড এলাকায় শনিবার (২৭ সেপ্টেম্বর) একটি পরিত্যক্ত ভবন থেকে ৩৭ বছর বয়সী মো. আল আমিন ওরফে সবুজের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত ব্যক্তি রূপসা উপজেলার পিঠাভোগ এলাকার বাসিন্দা এবং সিরাজ মল্লিকের ছেলে।

পরিবারের পক্ষ থেকে মৃত্যুটিকে পরিকল্পিত হত্যার সম্ভাবনা হিসেবে উল্লেখ করা হয়েছে।

পুলিশ জানায়, বেলা পৌনে ১১টার দিকে স্থানীয়রা ৬৬ এমটি রোডের চারতলা পরিত্যক্ত ভবনে সবুজকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে খবর দেয়। পুলিশ এসে লাশ নামিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।

সবুজের বোন সাথী জানান, তার ভাই মানসিকভাবে অসুস্থ ছিলেন। গত দুই মাস ধরে শ্বশুরবাড়িতে অবস্থান করছিলেন এবং পরিবারের সঙ্গে বাড়ি সংক্রান্ত বিরোধ চলছিল। তার চাচা আগে থেকেই তাকে মারধর করতেন এবং মামলা ব্যবহার করে বাড়ি দখল করেছেন। সাথী আরও বলেন, গত দুই দিন ধরে সবুজ নিখোঁজ ছিল এবং থানায় সাধারণ ডায়েরি করা হয়েছিল। আজ তাকে খুঁজতে গিয়ে ঝুলন্ত লাশ পাওয়া গেছে।

খুলনা থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, সবুজ মানসিক অসুস্থতার সঙ্গে ফার্নিচারের দোকানে কাজ করতেন। ২৪ সেপ্টেম্বর কাজে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। মরদেহ ময়নাতদন্ত শেষে জানা যাবে এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু।

মতামত দিন