ঢাবিতে ১২ দিনের ছুটি, স্থগিত হলো সব পরীক্ষা।
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ১২ দিনের ছুটি ঘোষণা করেছে। এই সময় বিশ্ববিদ্যালয়ের সকল পূর্ব নির্ধারিত পরীক্ষা স্থগিত থাকবে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক হিমাদ্রি শেখর চক্রবর্তীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয় ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশনা মোতাবেক দুর্গাপূজা, বিজয়া দশমী, ফাতেহা-ই-ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা এবং শ্রী শ্রী লক্ষ্মী পূজা উৎসবের আনন্দময় পরিবেশে উদযাপন নিশ্চিত করতে এই ছুটি ঘোষণা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি যথাসময়ে ঘোষণা করা হবে।
এর আগে, ২৪ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয় একটি বিজ্ঞপ্তিতে ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ১২ দিনের ছুটি অনুমোদনের তথ্য জানিয়েছিল। একই সঙ্গে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে এই সময়ে কোনো পরীক্ষা অনুষ্ঠিত না করার নির্দেশনা দেওয়া হয়েছিল, যাতে শিক্ষার্থীরা উৎসবগুলোর আনন্দ এবং যথাযথ ভাবগাম্ভীর্য বজায় রেখে অংশ নিতে পারে।

মতামত দিন