জাতীয়
ছবি: সংগৃহীত

সরকারের পূর্ণ আস্থা নির্বাচন কমিশনের ওপর আছে: সিইসি।

নিজেস্ব প্রতিবেদক:

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম নাসির উদ্দিন বলেছেন, সরকারের পূর্ণ আস্থা রয়েছে নির্বাচন কমিশনের ওপর। শনিবার (২৭ সেপ্টেম্বর) আগারগাঁও নির্বাচন ভবনে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন আয়োজিত ‘নির্বাচন কর্মকর্তা সম্মেলন-২০২৫’-এ তিনি এই মন্তব্য করেন।

সম্মেলনে সারা দেশ থেকে প্রায় সাড়ে আটশ’ উপজেলা, জেলা এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা অংশ নেন।

সিইসি নাসির উদ্দিন বলেন, “আগামী নির্বাচন বিশেষ পরিস্থিতিতে অনুষ্ঠিত হচ্ছে। তাই বিশেষভাবে নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। বাংলাদেশের মতো জায়গায় কাজ করা কঠিন; অনেক চ্যালেঞ্জ চোখে দেখা যায়, আবার অনেক অদেখাও থেকে যায়।” তিনি কর্মকর্তাদের আল্লাহকে সাক্ষী রেখে শপথ নিতে বলেন যাতে তারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেন। কর্মকর্তারা হাত তুলে শপথ গ্রহণ করেন।

তিনি আরও বলেন, “আপনারা কোনো দলের পক্ষে কাজ করবেন না। আমরা শপথ রক্ষা করব, আপনারা দায়িত্ব পালন করবেন। বিশেষ পরিস্থিতির এ নির্বাচনে বিশেষ ব্যবস্থাপনায় কাজ করতে হবে।”

এছাড়া ইসি সানাউল্লাহ বলেন, “আমরা সময়ের ক্রসরোডে দাঁড়িয়ে আছি। নির্বাচনী ব্যবস্থার পচন ও দুষ্ট নির্বাচনই জুলাই আন্দোলনের মূল কারণ। আমরা আর কখনো পচা নির্বাচন করব না। নির্বাচনে কেউ অনিয়ম করলে তার দায়ভার তাকেই নিতে হবে; কমিশন কোনো দায়িত্ব নেবে না।”

অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিনা আহমেদ, আনোয়ারুল ইসলাম সরকার এবং কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ সহ অন্যান্য কর্মকর্তারা বক্তব্য রাখেন।

মতামত দিন