জাতীয়
ছবি: সংগৃহীত

খাগড়াছড়িতে ধর্ষণের প্রতিবাদে দিনব্যাপী সড়ক অবরোধ, আটকা শতাধিক পর্যটক।

নিজেস্ব প্রতিবেদক:

খাগড়াছড়ি জেলা সদরের সিঙ্গিনালা এলাকায় এক স্কুলছাত্রী ধর্ষণের ঘটনার প্রতিবাদে সকাল–সন্ধ্যা সড়ক অবরোধে পাহাড়ি জনজীবন প্রায় অচল হয়ে পড়েছে। জুম্ম ছাত্র–জনতা নামের একটি সংগঠনের ডাক দেওয়া এ কর্মসূচি শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে শুরু হয়ে রাত পর্যন্ত চলবে।

অবরোধে জেলার বিভিন্ন সড়কে পরিবহন চলাচল বন্ধ রয়েছে। সাজেকে আটকা পড়েছেন কয়েকশ’ পর্যটক। সকাল থেকে শহরের চেঙ্গী ব্রিজ, স্টেডিয়াম এলাকা, গুইমারা উপজেলার বাইল্যাছড়ি যৌথ খামার এলাকায় অবরোধকারীরা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান।

এ কারণে দূরপাল্লার যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ হয়ে গেছে। মাটিরাঙ্গায় সাপ্তাহিক হাটবার হলেও ক্রেতা–বিক্রেতার উপস্থিতি ছিল কম। জেলার ভেতরও অভ্যন্তরীণ রুটে গাড়ি চলাচল বন্ধ ছিল। তবে শহরাঞ্চলে ইজিবাইক ও মোটরসাইকেলের মতো ছোট যানবাহন চলতে দেখা গেছে।

পুলিশ জানিয়েছে, কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে। সিনিয়র সহকারী পুলিশ সুপার কাজী ওয়াজেদ আলী বলেন, “নৈশকোচগুলো নিরাপত্তা পাহারায় শহরে প্রবেশ করেছে।” সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা জানান, অবরোধ ঘিরে কোনো ধরনের নাশকতা ঠেকাতে তারা তৎপর রয়েছেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে প্রাইভেট পড়ে ফেরার পথে ওই কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। পরে রাতেই অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। ঘটনায় শয়ন শীল (১৯) নামের এক তরুণকে আটক করেছে পুলিশ।

মতামত দিন