পাঁচ দিন পর উদ্ধার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা মামুনুর রশীদ।
রাজধানীর তুরাগ থানা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক মাওলানা মামুনুর রশীদকে নিখোঁজের পাঁচ দিন পর উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে পূর্বাচলের ১ নম্বর সেক্টরের একটি মসজিদ থেকে তাকে অসুস্থ অবস্থায় পাওয়া যায়।
তুরাগ থানার ওসি মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে দুপুর ২টার দিকে পূর্বাচল জামে মসজিদ থেকে তাকে উদ্ধার করা হয়। পরে তাকে চিকিৎসার জন্য কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে তার পরিবারের সদস্যদেরও অবহিত করা হয়েছে।
গত ২৩ সেপ্টেম্বর সকালে পাঞ্জাবি-পায়জামা পরে বাসা থেকে বের হওয়ার পর থেকে মামুন নিখোঁজ ছিলেন। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করার পাশাপাশি র্যাব, পিবিআই ও সিটিটিসিসহ সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে যোগাযোগ করেন পরিবারের সদস্যরা।
তার খোঁজ না মেলায় বৃহস্পতিবার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন করে পরিবার ও সংগঠনের নেতারা। সেখানে ২৪ ঘণ্টার মধ্যে তাকে ফিরিয়ে দেওয়ার আল্টিমেটাম দেওয়া হয়েছিল।
মতামত দিন