জাতীয়
ছবি: সংগৃহীত

সিলেটে ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক চালকদের বিক্ষোভ,ডিসি অফিস ঘেরাও।

নিজেস্ব প্রতিবেদক:

সিলেট নগরীতে অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধ, জব্দ এবং চার্জিং পয়েন্টে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার প্রতিবাদে রাস্তায় নেমেছেন চালকরা।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে নগরের চৌহাট্টা আলিয়া মাদ্রাসা মাঠে শত শত রিকশাচালক জমায়েত হন।

পরে তারা মিছিল বের করে নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। মিছিলে তারা ‘পারমিট চাই’, ‘রিকশা চালাতে দাও’, ‘গরিবের পেটে লাথি মেরো না’—এ ধরনের স্লোগান দিয়ে সরব করে তোলে শহরের রাজপথ।

মিছিল চৌহাট্টা পয়েন্টে পৌঁছালে কয়েকটি বাঁশ ফেলে রাস্তা অবরোধের চেষ্টা করা হয়। পুলিশি উপস্থিতিতে বড় ধরনের অচলাবস্থা সৃষ্টি হয়নি। তবে চালকরা জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে রওনা হয়, পথে বন্দরবাজার পয়েন্টে অবস্থান নেন এবং একই দাবিতে স্লোগান দেন।

বিক্ষোভকারীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেয় এবং স্মারকলিপি পেশের প্রস্তুতি নেয়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সিলেট মহানগর পুলিশ সতর্ক অবস্থান নেওয়ায়  কোনো বড় অপ্রীতিকর পরিস্থিতি ঘটেনি।

এর আগে, গত তিন দিন ধরে সিলেট নগরীতে অবৈধ যানবাহনবিরোধী বিশেষ অভিযান চালানো হয়েছে। বুধবার অভিযানের তৃতীয় দিনে মোট ৬৯টি যানবাহন আটক করা হয়, যার মধ্যে ৪৪টি ছিল ব্যাটারিচালিত রিকশা। এছাড়াও ৩১টি যানবাহনের বিরুদ্ধে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় মামলা করা হয়েছে।

অভিযানের অংশ হিসেবে নগরীর শামীমাবাদ এলাকায় ১১টি গ্যারেজের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন  করা হয়, জব্দ করা হয় ১৪৫ ফুট বৈদ্যুতিক তার, ১৮০টি চার্জিং পয়েন্ট এবং ১০টি অবৈধ মিটার।

চালকরা দাবি করেন, তারা পরিবার-পরিজন নিয়ে জীবিকা নির্বাহের চেষ্টা করছেন। পারমিট না দিয়ে রিকশা জব্দ ও মামলা করার কারণে তাদের জীবনে সমস্যা সৃষ্টি হয়েছে। তারা দ্রুত বৈধভাবে চালনার অনুমোদন এবং জব্দকৃত রিকশা ফেরতের দাবি জানান।

মতামত দিন