সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের প্রবাসী নিহত।
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের ফকিরপাড়া এলাকার প্রবাসী মো. আজগরের অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সৌদি আরবের আল কাসিম এলাকায় বুধবার (২৪ সেপ্টেম্বর) একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন।
স্থানীয় সূত্রে জানা যায়, কোম্পানির কাজ শেষে আল কাসিমের দুর্গম এলাকা থেকে ফেরার পথে প্রবাসীদের বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই আজগর এবং কুমিল্লার আরেক প্রবাসী নিহত হন। একই গাড়িতে থাকা আরও দুইজন গুরুতর আহত হয়েছেন এবং বর্তমানে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।
নিহত আজগরের পরিবারের কাছে এই মৃত্যু খবর একরাশ শোক নিয়ে আসে। সম্প্রতি ছুটিতে দেশে এসে বিয়ে শেষে আবারও প্রবাসে গিয়েছিলেন তিনি। পরিবার জানায়, তার নতুন বউসহ স্বজনরা কান্নায় ভেঙে পড়েছেন এবং বাবা-মাও অকাল মৃত্যু মেনে নিতে পারছেন না।
স্থানীয় প্রবাসী নেতারা নিহতের প্রতি শোক প্রকাশ করে মরদেহ দ্রুত দেশে এনে দাফনের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন। প্রবাসীরা আশা করছেন, আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে মৃতদেহ দ্রুত পরিবারের কাছে পৌঁছানো হবে।

মতামত দিন