জাতীয়
ছবি: সংগৃহীত

‘ইসি কারও কথায় চলে না, নিরপেক্ষভাবে কাজ করে’: সিইসি নাসির উদ্দিন।

নিজেস্ব প্রতিবেদক:

গোয়েন্দা সংস্থার ওপর নির্ভর করে কোনো তদন্ত করতে রাজি নয় নির্বাচন কমিশন (ইসি)। বরং কমিশন নিজস্ব প্রক্রিয়ায় সিদ্ধান্ত নেয় এবং সেটিই চূড়ান্ত—এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে ইসি ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “একটি দলকে শাপলা প্রতীক দেওয়া হবে কি হবে না, তার ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব আমাদের নয়। এটি কমিশনের নিজস্ব সিদ্ধান্ত।”

এনসিপির শাপলা প্রতীক দাবির প্রসঙ্গে সিইসি উল্লেখ করেন, নাগরিক ঐক্যও একই প্রতীক চেয়েছিল, কিন্তু তাদেরকেও দেওয়া হয়নি। “একটি দলকে প্রতীক না দিলে এত আলোচনা হয় না, কিন্তু এনসিপিকে কেন্দ্র করে এত প্রশ্ন তোলা হচ্ছে কেন?”—প্রশ্ন রাখেন তিনি।

তিনি আরও বলেন, যে কোনো রাজনৈতিক দল বা নাগরিক কমিশনের কাছে চিঠি দিতে পারে, কিন্তু তাতে ইসির সিদ্ধান্তে প্রভাব পড়ে না। “আমরা কারও কথায় কাজ করি না, নিরপেক্ষভাবে কাজ করার চেষ্টা করি”—যোগ করেন নাসির উদ্দিন।

ভোটের পরিবেশ প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিক দলগুলো নির্বাচনের আগে সমঝোতায় আসবে বলে আশাবাদী কমিশন। এখন পর্যন্ত কোনো দল নিয়ম ভাঙার মানসিকতা নিয়ে মাঠে নামেনি বলেও মন্তব্য করেন সিইসি।

নতুন দল নিবন্ধন প্রসঙ্গে তিনি জানান, ইসি গত মাসেই উদ্যোগ নিয়েছিল, তবে কোনো অস্বচ্ছতা রেখে নিবন্ধন দেওয়া হবে না। যেসব দলের বিষয়ে নতুন আপত্তি উঠছে, তাদের ব্যাপারে আবারও খোঁজখবর নেওয়া হচ্ছে।

প্রবাসী ভোটারদের ভোট গ্রহণ নিয়েও আশাবাদ ব্যক্ত করে সিইসি বলেন, রমজানের আগে নির্বাচন আয়োজনের সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে কমিশন। তাঁর ভাষায়, “আমরা একটি ঐতিহাসিক নির্বাচন করতে চাই।”

মতামত দিন