ভ্রমণপ্রেমীদের জন্য সুখবর,১ নভেম্বর থেকে খুলছে সেন্টমার্টিন।
দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন আগামী ১ নভেম্বর থেকে পুনরায় পর্যটকদের জন্য খোলা হবে। তবে এবার দ্বীপে প্রবেশের ক্ষেত্রে নতুন নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রণয়ন করা হয়েছে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বলেন, দেশের পর্যটন শিল্পকে আরও সুরক্ষিত ও নিয়মিত করার জন্য একটি পর্যটন নীতিমালা প্রণয়ন প্রক্রিয়ায় রয়েছে, যা কার্যকর হলে খাতটি আরও ভালোভাবে পরিচালিত হবে।
পর্যটকদের যাতায়াত নিয়ন্ত্রণে একটি সফটওয়্যার তৈরি করা হয়েছে, যার মাধ্যমে রেজিস্ট্রেশন ভিত্তিক সীমিত সংখ্যক পর্যটক প্রতিদিন দ্বীপে প্রবেশ করতে পারবেন। সফটওয়্যারটি এখনও চূড়ান্ত হয়নি, তবে তা শিগগিরই চালু হওয়ার আশা করা হচ্ছে।
পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রথম দুই মাসে (নভেম্বর ও ডিসেম্বর) দ্বীপে রাত যাপন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে পর্যটকরা দ্বীপে রাতযাপন করতে পারবেন।
এর আগে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় একটি যৌথ কমিটি গঠন করে দ্বীপে ভ্রমণ ও অনুমোদিত জাহাজ নিয়ন্ত্রণের দায়িত্ব নিয়েছিল। তখন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, নিবন্ধন ব্যতীত কেউ দ্বীপে প্রবেশ করতে পারবে না। পরে অন্তর্বর্তীকালীন সরকার সেন্টমার্টিনে নয় মাসের জন্য ভ্রমণ নিষিদ্ধ করেছিল।
মতামত দিন