পৃথিবীর অষ্টম উচ্চতম চূড়া মানাসলু জয় করলেন বাংলাদেশি পর্বতারোহী তৌফিক।
বাংলাদেশি পর্বতারোহী তৌফিক আহমেদ তমাল জয় করেছেন পৃথিবীর অষ্টম সর্বোচ্চ পর্বত মানাসলু (৮,১৬৩ মিটার)। বুধবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে তিনি চূড়ায় পৌঁছান।
অভিযানের উদ্দেশ্যে তিনি গত ১ সেপ্টেম্বর ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে রওনা হন। এ সময় তাকে জাতীয় পতাকা তুলে দেন বাংলাদেশের প্রথম এভারেস্ট জয়ী নারী নিশাত মজুমদার।
তমাল দীর্ঘ ১৪ বছর ধরে দেশ-বিদেশে ট্রেকিং ও উচ্চ পর্বতারোহণে সক্রিয়। ভারতের নেহেরু ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিং থেকে মৌলিক ও উন্নত প্রশিক্ষণ নেওয়া এই অভিযাত্রী ইতিমধ্যে ৫–৬ হাজার মিটার উচ্চতার সাতটি এবং ৬,৫০০ মিটারের দুটি শৃঙ্গ জয়ের অভিজ্ঞতা অর্জন করেছেন। তার সাফল্যের মধ্যে রয়েছে—প্রথম বাংলাদেশি হিসেবে শীতকালীন অভিযানে থার্পু চুল্লি জয় এবং প্রথম ভাগীরথী-২ (৬৫১২ মিটার) জয়। ২০২৪ সালে তিনি জিতেছিলেন কঠিনতম শৃঙ্গগুলোর একটি মাউন্ট আমা দাবলাম (৬৮১৪ মিটার)।
মানাসলু পশ্চিম-মধ্য নেপালের মানসিরি হিমালে অবস্থিত। সংস্কৃত শব্দ মনসা (অর্থাৎ বুদ্ধি/আত্মা) থেকে এর নামকরণ। তাই একে বলা হয় ‘আত্মার পর্বত’। ১৯৫৬ সালে জাপানি পর্বতারোহী তোশিও ইমানিশি ও গ্যালজেন নরবু প্রথমবার এই শৃঙ্গ জয় করেন। প্রাণঘাতী শৃঙ্গগুলোর তালিকায় মানাসলুর অবস্থান চতুর্থ হলেও উচ্চতায় এটি অষ্টম।
মতামত দিন