শারদীয় দুর্গোৎসবের ছুটি নিয়ে জরুরি নির্দেশনা।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে কোনো পরীক্ষা নেওয়া যাবে না বলে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
বুধবার (২৪ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়েছে।
আদেশে বলা হয়েছে, দুর্গাপূজা, বিজয়া দশমী, ফাতেহা-ই-ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ইতোমধ্যেই ১২ দিনের অবকাশকালীন ছুটি অনুমোদন করা হয়েছে। তাই এ সময়ের মধ্যে কোনো পরীক্ষার দিন নির্ধারণ না করার জন্য সব শিক্ষাপ্রতিষ্ঠানকে অনুরোধ করা হয়েছে।
পঞ্জিকা অনুযায়ী, ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠী, ২৯ সেপ্টেম্বর মহাসপ্তমী, ৩০ সেপ্টেম্বর মহাষ্টমী, ১ অক্টোবর মহানবমী এবং ২ অক্টোবর মহাদশমী অনুষ্ঠিত হবে। দশমীর দিন সরকারি ছুটি থাকলেও শিক্ষাপ্রতিষ্ঠানে পূজার ছুটি শুরু হবে ২৮ সেপ্টেম্বর থেকে।
সরকারি-বেসরকারি স্কুলের ছুটি চলবে ৭ অক্টোবর পর্যন্ত; ক্লাস শুরু হবে ৮ অক্টোবর থেকে। কলেজে ছুটি থাকবে ৯ অক্টোবর পর্যন্ত। এরপর ১০ ও ১১ অক্টোবর সাপ্তাহিক ছুটি হওয়ায় কলেজে পাঠদান শুরু হবে ১২ অক্টোবর থেকে।
মতামত দিন