জাতীয়
ছবি: সংগৃহীত

আসন্ন নির্বাচনে মাঠে থাকবে প্রায় ১ লাখ সেনা: স্বরাষ্ট্র উপদেষ্টা।

নিজেস্ব প্রতিবেদক:

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সময় প্রায় ১ লাখ সেনা সদস্য মাঠে থাকবে। বুধবার (২৪ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, “নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি অত্যন্ত ভালো। তাদের প্রশিক্ষণ ইতোমধ্যেই শুরু হয়েছে। আমরা বাহিনীর সংখ্যা বাড়িয়েছি। সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী সবাই নির্বাচনে সক্রিয় থাকবে। বর্তমানে মাঠে ৩০ হাজার সেনা রয়েছেন, নির্বাচনের সময় সংখ্যা বাড়িয়ে প্রায় ১ লাখ  করা হবে। এছাড়া পুলিশ, বিজিবি, আনসার, কোস্টগার্ড ও র‌্যাবও দায়িত্বে থাকবে। প্রশাসনও পুরোপুরি প্রস্তুত।”

লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম বলেন, “নির্বাচন শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করবে না; এটি জনগণের ওপর নির্ভর করে। জনগণ নির্বাচনে অংশগ্রহণ করলে কোনো বাধা তাকে থামাতে পারবে না। রাজনৈতিক দলগুলো মধ্যে সমন্বয় থাকলে নির্বাচনের কাজ আরও সহজ হয়।”

অস্ত্র উদ্ধারের বিষয়ে তিনি জানান, পুলিশের সফলতা যথেষ্ট, তবে এখনও কিছু অস্ত্র উদ্ধার হয়নি, বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলে। নির্বাচনের আগে এ সব অস্ত্রও উদ্ধার করা হবে।

এছাড়া, আসন্ন দুর্গা পূজা উদযাপনকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা আশ্বাস দিয়েছেন, এবারের পূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর হবে এবং পবিত্রতা রক্ষা করা হবে।

মতামত দিন