জাতীয়
ছবি: সংগৃহীত

টঙ্গীর অগ্নিকাণ্ডে দগ্ধ ফায়ার সার্ভিস কর্মী শামীম আহমেদের মৃত্যু।

নিজেস্ব প্রতিবেদক:

গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গুদামে আগুন নেভাতে গিয়ে গুরুতর দগ্ধ ফায়ার সার্ভিস সদস্য শামীম আহমেদ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়।

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের রায়পুর-পিজাহাট গ্রামের সন্তান শামীম আহমেদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার-স্বজন কেউই এই খবর মেনে নিতে পারছেন না।

গত সোমবার সাহারা মার্কেটের রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডি ব্রিগেডের একটি ইউনিট ফায়ার সার্ভিসের সঙ্গে যৌথভাবে অভিযানে অংশ নেয়। এ সময় চার ফায়ার ফাইটার দগ্ধ হন। তাদের মধ্যে শতভাগ পুড়ে যাওয়া শামীমকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো সম্ভব হয়নি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

নেত্রকোণা ফায়ার সার্ভিসের ডিএডি হাফিজুর রহমান জানিয়েছেন, শামীম আহমেদের মরদেহ হাসপাতাল থেকে হেডকোয়ার্টারে নেওয়া হবে। সেখানে জানাজা শেষে গ্রামের বাড়িতে দাফনের ব্যবস্থা করা হবে।

২০০৪ সালের ১৬ আগস্ট ফায়ার সার্ভিসে যোগ দিয়েছিলেন শামীম আহমেদ। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন সন্তানের জনক ছিলেন।

মতামত দিন