৩ দিন পেছালো চাকসু নির্বাচন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের তারিখ পরিবর্তন করা হয়েছে। পূর্বঘোষিত ১২ অক্টোবরের পরিবর্তে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৫ অক্টোবর।
কমিশনের পক্ষ থেকে বলা হয়, প্রার্থীদের অনুরোধের প্রেক্ষিতে নির্বাচন তিনদিন পিছিয়ে দেওয়া হয়েছে।
এর আগে সোমবার প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়। এতে দেখা যায়, জমা দেওয়া মনোনয়নপত্র যাচাই–বাছাই শেষে মোট ১৯ জনের প্রার্থিতা বাতিল হয়েছে। এর মধ্যে ভিপি পদে দুইজন এবং জিএস পদে একজন ছিলেন।
তথ্য অনুযায়ী, এবারের কেন্দ্র ও হল সংসদের নির্বাচনে অংশ নিতে ১ হাজার ১৬২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। শেষ পর্যন্ত জমা পড়ে ৯৩১টি। এর মধ্যে ভিপি পদে ২৫ জন, জিএস ও এজিএস পদে সমানভাবে ২২ জন করে মনোনয়নপত্র দাখিল করেছেন।
এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৬৩৭ জন। পরিবর্তিত সূচি অনুযায়ী ১৫ অক্টোবরই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সর্বশেষ চাকসু নির্বাচন হয়েছিল ১৯৯০ সালের ৮ নভেম্বর।
মতামত দিন