ডেঙ্গুতে এক দিনে ২ জনের মৃত্যু, নতুন ভর্তি ৬৭৮ জন।
দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত এই মশাবাহিত রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮১ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম সোমবার (২২ সেপ্টেম্বর) জানিয়েছে, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে দুজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১২৬ জন, ঢাকা বিভাগে ১১৩ জন, চট্টগ্রাম বিভাগে ৯০ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭৪ জন, রাজশাহী বিভাগে ৫৫ জন, ময়মনসিংহ বিভাগে ৩৩ জন, খুলনা বিভাগে ২৫ জন, বরিশাল বিভাগে ১৪৯ জন, রংপুর বিভাগে ১০ জন এবং সিলেট বিভাগে ৩ জন রয়েছেন।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর ১ জানুয়ারি থেকে সোমবার পর্যন্ত ডেঙ্গুতে মোট ১৮১ জন মারা গেছেন। জেলার মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে, যেখানে ৮৫ জনের প্রাণ গেছে। বরিশাল বিভাগে ২৮ জন, চট্টগ্রাম বিভাগে ২৩ জন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২২ জন মারা গেছেন। এছাড়া রাজশাহী বিভাগে ১০ জন, ময়মনসিংহ বিভাগে ৬ জন, খুলনা বিভাগে ৫ জন এবং ঢাকা বিভাগে ২ জনের মৃত্যু হয়েছে।
এর আগে রোববার (২১ সেপ্টেম্বর) দেশে আরও ১২ জন ডেঙ্গুতে মারা যান, যা একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হিসেবে ধরা হয়েছে। এর আগে ১১ সেপ্টেম্বর একই বছরে এক দিনে সর্বোচ্চ ছয়জনের মৃত্যু হয়েছিল।
উল্লেখ্য, দেশে এক বছরে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল ২০২৩ সালে। ২০২৪ সালে ভর্তি হয়েছে ১ লাখ ১ হাজার ২১১ জন, ২০২২ সালে ৬২ হাজার ৩৮২ জন, ২০২১ সালে ২৮ হাজার ৪২৯ জন, ২০২০ সালে ১,৪০৫ জন এবং ২০১৯ সালে ১ লাখ ১ হাজার ৩৫৪ জন।
মতামত দিন