টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে আগুন, ফায়ার সার্ভিসের সদস্যসহ দগ্ধ ৮।
গাজীপুরের টঙ্গী এলাকায় সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে একটি কেমিক্যাল গোডাউনে ভয়াবহ আগুন লেগেছে। সাহারা সুপার মার্কেটের পাশের গোডাউনে শুরু হওয়া আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং আশেপাশের এলাকা ধোঁয়ায় ঢেকে যায়।
খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে।তবে আগুনের তীব্রতা এতটাই ছিল যে কয়েকজন ফায়ার সার্ভিস সদস্যসহ স্থানীয় শ্রমিকরাও দগ্ধ হন।
প্রাথমিকভাবে দগ্ধদের মধ্যে পাঁচজন ফায়ার সার্ভিসের কর্মী ও তিনজন শ্রমিককে টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ছয়জনকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।
স্থানীয় সূত্র জানায়, কেমিক্যালের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে এবং নিয়ন্ত্রণে আনতে সময় বেশি লাগছে। প্রতিবেশী ব্যবসায়ীরা বলেন, টঙ্গীর ফাহারা মার্কেট ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে অনেক কেমিক্যাল গোডাউন গড়ে উঠেছে, যেখানে নিরাপত্তার মান খুবই কম। এর ফলে বড় ধরনের দুর্ঘটনার সম্ভাবনা সবসময় থাকে। তারা প্রশাসনের কঠোর নজরদারি ও ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।
ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানিয়েছেন, আগুন কীভাবে লেগেছে তা এখনও নিশ্চিত নয়। তদন্ত শেষে প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে। তবে প্রাথমিক ধারণা, গোডাউনের ভেতরে থাকা দাহ্য কেমিক্যাল থেকে দুর্ঘটনাটি ঘটেছে।

মতামত দিন