জাতীয়
ছবি: সংগৃহীত

বৃষ্টির জমে থাকা পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল তরুণ আমিনের।

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানীর বংশাল নাজিরাবাজার এলাকায় বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন এক যুবক। সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে ঘটে যাওয়া এ মর্মান্তিক ঘটনায় ৩০ বছর বয়সী আমিন নামের এক বাইসাইকেল আরোহীর জীবন শেষ হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, কাজী আলাউদ্দিন রোড দিয়ে সাইকেলে যাওয়ার সময় হঠাৎ পানিতে পড়ে যান তিনি। পরে স্থানীয়রা বাঁশ দিয়ে টেনে তুললেও ততক্ষণে তিনি অচেতন হয়ে পড়েন। দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ধারণা করা হচ্ছে, রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক খুঁটি থেকে জমে থাকা পানি বিদ্যুতায়িত হয়েছিল।

নিহত আমিন একটি বেকারি দোকানে কাজ করতেন। তার গ্রামের বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার টেলিসানি গ্রামে। বাবার নাম মো. বাদশা মিয়া। বর্তমানে তিনি হাজারীবাগ বিজিবি ১ নম্বর গেট এলাকায় বসবাস করছিলেন।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

মতামত দিন