মেট্রোরেল যাত্রীদের জন্য বড় সুখবর, রাত ১০টার পরও চলবে ট্রেন।
ঢাকার মেট্রোরেলে যাত্রী সংখ্যা দিন দিন বাড়ছে। প্রতিদিন গড়ে তিন থেকে চার লাখ মানুষ যাতায়াত করেন।
পরিকল্পনা অনুযায়ী, সকাল ৬টা ৩০ মিনিটে ‘সুইপিং ট্রেন’-এর মাধ্যমে যাত্রা শুরু হবে। এতে শুধুমাত্র এমআরটি ও র্যাপিড পাসধারী যাত্রীরা উঠতে পারবেন। নিয়মিত ট্রেন চলাচল শুরু হবে সকাল ৭টা থেকে। বর্তমানে উত্তরা থেকে প্রথম ট্রেন ছাড়ে সকাল ৭টা ১০ মিনিটে, আর মতিঝিল থেকে সকাল সাড়ে ৭টায়।
রাতের শেষ ট্রেনও নতুন সূচি অনুযায়ী বাড়ানো হচ্ছে। উত্তরা থেকে রাত ৯টা ১০, ৯টা ২০ ও ৯টা ৩০ মিনিটে ট্রেন ছাড়বে। মতিঝিল থেকে রাত ৯টা ৫০, ১০টা এবং ১০টা ১০ মিনিটে ট্রেন চলবে।
প্রতিটি ট্রেনে বর্তমানে ৬টি কোচ রয়েছে। স্টেশনে আরও দুটি কোচ রাখার জায়গা থাকা সত্ত্বেও প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর (পিএসডি) এখনও স্থাপন হয়নি। অতিরিক্ত কোচ যোগ করার জন্য প্রয়োজনীয় অর্থ এবং বিদ্যুৎ অবকাঠামোও প্রস্তুত নয়। তাই আপাতত শুধু ট্রিপ সংখ্যা বাড়ানো হচ্ছে।
বর্তমানে একটি ট্রেনে সর্বোচ্চ ২,৩০০ যাত্রী একসঙ্গে যাত্রা করতে পারেন। নতুন ১০ ট্রিপ চালু হলে দৈনিক প্রায় ২৩,০০০ নতুন যাত্রী মেট্রোরেল ব্যবহার করতে পারবেন।
যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, ট্রিপ বাড়ানো স্বল্পমেয়াদে যাত্রী ভোগান্তি কমাতে সাহায্য করবে, তবে দীর্ঘমেয়াদে কোচ সংখ্যা বাড়ানোই কার্যকর সমাধান।
ডিএমটিসিএল জানিয়েছে, অতিরিক্ত ট্রিপ চালানোর জন্য নতুন লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই নতুন ট্রেন চালু হবে। রাজধানীবাসীরা রাত ১০টার পরও মেট্রোরেল ব্যবহার করতে পারবে।
মতামত দিন