জাতীয়
ছবি: সংগৃহীত

একাদশে শিক্ষার্থী ভর্তিতে ইকিউ-২ কোটা স্থগিত।

নিজেস্ব প্রতিবেদক:

২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে ইকিউ-২ কোটা বা এডুকেশন কোটা আপাতত স্থগিত ঘোষণা করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

রোববার (২১ সেপ্টেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবির।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, হাইকোর্টের রিট পিটিশন নং ১৩৭৮০/২০২৫ এর ০৪/০৯/২০২৫ তারিখের স্থগিতাদেশের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে গত ১০ আগস্ট কমিটি ইকিউ-২ কোটা সংক্রান্ত ভর্তি নির্দেশিকা জারি করেছিল। নির্দেশিকায় বলা হয়েছিল, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীনে সরকারি স্কুল, কলেজ, সরকারি স্কুল অ্যান্ড কলেজ এবং সরকারি শিক্ষা অফিসের শিক্ষক, কর্মকর্তা  ও কর্মচারীর সন্তানদের জন্য এই কোটা প্রযোজ্য হবে। তবে হাইকোর্টের স্থগিতাদেশের কারণে এ নির্দেশনা আপাতত কার্যকর হবে না।

ইকিউ-২ কোটা শিক্ষামন্ত্রণালয়ের অধীনে থাকা ২৮টি দপ্তর, অধিদপ্তর ও সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সন্তানের জন্য নির্ধারণ করা হয়েছিল। এই ২৮টি দপ্তরের মধ্যে রয়েছে—বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি), মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি), শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, এনটিআরসিএ, ব্যানবেইস, জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম), আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডসহ অন্যান্য সংস্থা।

মতামত দিন