জাতীয়
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলে খননযন্ত্রের আঘাতে গ্যাস লাইনে ফাটল, দুই দিনেও সমাধানহীন মির্জাপুরবাসী।

নিজেস্ব প্রতিবেদক:

টাঙ্গাইলের মির্জাপুর পৌরসদরে মডেল মসজিদের পাইলিংয়ের সময় প্রধান সঞ্চালন লাইনের পাইপ ফেটে যাওয়ার পর থেকে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। দুর্ঘটনার দুই দিন কেটে গেলেও এখনো মেরামত কাজ শেষ করতে পারেনি তিতাস কর্তৃপক্ষ।

এতে স্থানীয় বাসিন্দা, শিল্পাঞ্চল ও হাসপাতালের ভোগান্তি চরমে উঠেছে।

শুক্রবার বিকেল ৫টার দিকে পৌর এলাকার বাইমহাটিতে খননযন্ত্রের আঘাতে পাইপ ফেটে যায়। খবর পেয়ে তিতাস গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় এবং লাইন মেরামতের কাজ শুরু করে। তবে রবিবার দুপুর পর্যন্ত সংযোগ ফেরানো সম্ভব হয়নি। এতে সোহাগপুর থেকে নাটিয়াপাড়া পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার জুড়ে দুই হাজারের বেশি আবাসিক গ্রাহক গ্যাস পাচ্ছেন না। একই সঙ্গে গোড়াই শিল্পাঞ্চলের অন্তত ১০টি কারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে।

কুমুদিনী হাসপাতালের উপ-পরিচালক অনিমেষ ভৌমিক বলেন, গ্যাস না থাকায় কমপ্লেক্সের বিভিন্ন প্রতিষ্ঠানের অন্তত পাঁচ হাজার মানুষ সমস্যায় পড়েছেন।

তিতাসের টাঙ্গাইল অফিসের সহকারী প্রকৌশলী রমজান আলী জানান, পাইপটি উচ্চ ক্ষমতাসম্পন্ন লোহার এবং প্রায় ৩০ ফুট গভীরে অবস্থিত। ঠিকাদারি প্রতিষ্ঠান আগেই এ বিষয়ে অবহিত করলেও তাদের পক্ষ থেকে তিতাসকে জানানো হয়নি।

গাজীপুরের চন্দ্রা এলাকার তিতাস ব্যবস্থাপক কাউছারুল ইসলাম বলেন, ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব এখনো মেলেনি। অন্যদিকে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সম্ভু রাম পাল দাবি করেন, মডেল মসজিদ  নির্মাণস্থলে গ্যাস লাইনের অস্তিত্ব সম্পর্কে তারা অবগত ছিলেন না।

মতামত দিন